আদাবরে বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনায় ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার
রাজধানীর আদাবরে বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনায় কবজি কাটা গ্রুপের সেকেন্ড ইন্ড কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার অন্যরা হলেন- রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তসির (৩০) এবং মো. তরিকুল ইসলাম (২৫)।
মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাবের-২ এর একটি অভিযানিক দল।
বুধবার (১৭ জুন) সকালে র্যাব-২ এর সিপিএসসির অতিরিক্ত পুলিশ সুপার মুহতামিম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কবজি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রুপের অন্য সদস্যদের ধরতে এবং অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলমান।
এর আগে গতকাল মঙ্গলবার আদাবরে দোকানে ঢুকে বিকাশের এজেন্ট শফিকুলকে কুপিয়ে তার কাছে থাকা তিন লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। পরে শফিকুলকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী শফিকুল দোকান খুলে বসামাত্রই ৪ থেকে ৫ জন চাপাতি হাতে দোকানে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতে কোপ দিয়ে টাকা ও বিকাশের মোবাইল নিয়ে যায়।