অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরেই ধর্ষণের শিকার নারী

0

ভারতের ঝাড়খণ্ডে থানার ভেতরে এক নারীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সরাইকেলা-খারসাওয়ান জেলার গামহারিয়া থানায়। গত ২৯ অক্টোবর রাতে ওই নারী থানায় অভিযোগ জানাতে গেলে নির্যাতনের শিকার হন তিনি।

অভিযোগ জানাতে গিয়ে ধর্ষণের শিকার

পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ওই নারীর ঝগড়া হয়। স্বামী তাকে মারধর করতে পারেন, এমন আশঙ্কায় তিনি বাড়ি ছেড়ে এক প্রতিবেশীর বাসায় চলে যান।

সেখান থেকে মোবাইল ফোনে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে পুলিশের একটি পিসিআর ভ্যান ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

থানায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিশ্রামের জন্য তাকে একটি কক্ষে থাকতে দেন। অভিযোগ অনুযায়ী, ওই কক্ষে থাকা অবস্থায় থানার এক ওয়্যারলেস অপারেটর তাকে ধর্ষণ করেন।

গ্রেফতার কনস্টেবল, বরখাস্ত পাঁচ পুলিশ সদস্য

ঘটনাটি তদন্তের নির্দেশ দেন জেলার পুলিশ সুপার মনোজ স্বর্গিয়ারি। তিনি সরাইকেলা মহকুমার পুলিশ কর্মকর্তা অনুভব ভরদ্বাজকে তদন্তের দায়িত্ব দেন।

তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় গামহারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং আরও চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

দায়িত্বে অবহেলা, দায়িত্বহীন আচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি বরখাস্ত পাঁচ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত যে পোশাক পরেছিলেন, তা জব্দ করা হয়েছে। পরীক্ষার জন্য পোশাকগুলো রাঁচির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সূত্র: এনডিটিভি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.