ইরানকে চাপে ফেলতে ‘আয়রন গেট’ অভিযান চালুর ঘোষণা ট্রাম্পের
ইরানের ওপর চাপ আরও বাড়াতে নতুন অভিযান ‘টাস্কফোর্স আয়রন গেট’ চালুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানে পণ্য প্রবেশ ও দেশটি থেকে পণ্য বের হওয়ার সুযোগ মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। এবার স্থলপথেও ইরানের সরবরাহ ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানে টাস্কফোর্স আয়রন গেট পুরোদমে কার্যকর হয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধের সঙ্গে এই অভিযান যুক্ত হওয়ায় ইরানে খুব সামান্য পণ্যই প্রবেশ করতে পারছে কিংবা দেশটি থেকে বের হতে পারছে।’
তবে নতুন অভিযান শুরুর ঘোষণা দিলেও কূটনৈতিক আলোচনায় অগ্রগতি হলে ইরানে আবারও সামরিক হামলার প্রয়োজন হবে না বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
তিনি বলেছেন, ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি ‘খুব শক্তিশালী চুক্তিতে’ সম্মত হয়, তাহলে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা খুবই কম।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনা এগিয়ে গেলে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন হওয়ার কথা নয়। তবে হামলা আবার শুরু হলে এক ঘণ্টার মধ্যে ইরানের ৩৮টি সেতু ধ্বংস করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প বলেন, ‘প্রয়োজন হলে আমি তা করব। তবে আমরা তাদের ওপর ইতোমধ্যে কঠোর হামলা চালিয়েছি।’
তার দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।
কী এই ‘টাস্কফোর্স আয়রন গেট’?
‘টাস্কফোর্স আয়রন গেট’ হলো ইরানের স্থলপথে পণ্য সরবরাহ ও বাণিজ্যিক যোগাযোগ ব্যাহত করতে যুক্তরাষ্ট্রের নেওয়া নতুন উদ্যোগ।
শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের নির্দেশে এটি চালু করা হয়। ফ্লোরিডার টাম্পায় প্রায় ২০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তা নিয়ে এই টাস্কফোর্স কাজ করবে।
ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, সামরিক প্রযুক্তি, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তিপণ্য, নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রী এবং অবৈধ অর্থের লেনদেন ও পরিবহণ ঠেকানোই এর মূল লক্ষ্য।
এ জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় করবে টাস্কফোর্সটি। তবে এটি নতুন কোনো সামরিক অভিযান বা যুদ্ধক্ষেত্রে সেনা মোতায়েনের উদ্যোগ নয়; বরং বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বয়ের একটি ব্যবস্থা।
নৌ অবরোধের পাশাপাশি স্থলপথেও নিয়ন্ত্রণ
যুক্তরাষ্ট্রের আগে থেকে চালু থাকা নৌ অবরোধের কার্যক্রম আরও বিস্তৃত করবে ‘আয়রন গেট’। গত জুলাইয়ে ঘোষিত ওই অবরোধের আওতায় আরব উপসাগর ও ওমান উপসাগরসংলগ্ন ইরানের বন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সেন্টকমের দাবি, এই নৌ অবরোধের কারণে সাম্প্রতিক মাসগুলোতে ইরান ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে পারেনি। তবে মানবিক সহায়তা এ অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে।
নৌ অবরোধের মূল লক্ষ্য যেখানে সমুদ্রপথে ইরানের বাণিজ্য সীমিত করা, সেখানে আয়রন গেটের মাধ্যমে স্থলপথের সরবরাহব্যবস্থা এবং কাস্পিয়ান সাগরকেন্দ্রিক যোগাযোগও নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করেছে ওয়াশিংটন।
এভাবে সমুদ্র ও স্থল—দুই পথেই ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া