নারী পুলিশ সদস্যদের জন্য বেতন-ভাতাসহ ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছে সরকার
নারী গ্রাম পুলিশ সদস্যদের জন্য পূর্ণ বেতন-ভাতাসহ ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটিকালীন তাদের নির্ধারিত মাসিক বেতন-ভাতার সরকারি ও ইউনিয়ন পরিষদের অংশ নিয়মিত পরিশোধ করতে হবে।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক বিভিন্ন কাজে নারী গ্রাম পুলিশ সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তৃণমূল পর্যায়ে কর্মরত এসব নারী গ্রাম পুলিশ সদস্যের কল্যাণ এবং গর্ভকালীন ও প্রসবোত্তর সময়ে মা ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।
এরই ধারাবাহিকতায় গত ৭ নভেম্বর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রাম পুলিশ বাহিনীর মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যান্য সরকারি কর্মচারীর মতো নারী গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসিক পূর্ণ বেতন-ভাতাসহ ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর ওই ঘোষণা ও নির্দেশনা দ্রুত মাঠপর্যায়ে কার্যকর করতে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো নারী গ্রাম পুলিশ সদস্য মাতৃত্বকালীন ছুটির আবেদন করলে প্রচলিত বিধিবিধান অনুসরণ করে তার অনুকূলে পূর্ণ বেতন-ভাতাসহ ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করতে হবে।
এছাড়া মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় সংশ্লিষ্ট নারী গ্রাম পুলিশ সদস্যের নির্ধারিত মাসিক বেতন-ভাতার সরকারি ও ইউনিয়ন পরিষদের অংশ নিয়মিত পরিশোধ নিশ্চিত করতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।