শ্রীমঙ্গলে চা বাগানে মিলল নিখোঁজ কলেজছাত্রের লাশ

0

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগান থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল সাড়ে ৬টায় লাখাইছড়া চা বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এর আগে শনিবার বিকেলে তিনি নিখোঁজ হন। এই কলেজ শিক্ষার্থীর নাম স্বাক্ষর দেব (১৮)। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শেষ বর্ষের শিক্ষার্থী। 

উপজেলার ইছবপুর এলাকার বাসিন্দা তিনি। তার বাবা কল্যাণ দেব উত্তর ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্বাক্ষরের বাবা কল্যাণ দেব জানিয়েছিলেন, শনিবার বিকেলে স্বাক্ষর দেব তার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। তিনি বাসা থেকে বিকেল সাড়ে ৪টার দিকে বের হন।

কিছুক্ষণ পর ৫টার দিকে তার মা তার ফোন নম্বরে কল করলে অন্য একজন ফোন রিসিভ করে। স্বাক্ষর কোথায় বললে অপর পাশ থেকে ‘স্বাক্ষর কে? স্বাক্ষর নামে কেউ নাই’ বলে ফোন রেখে দেয়।’ এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি।

এদিকে পরিবারের লোকেরা স্বাক্ষরকে না পেয়ে পাড়া-প্রতিবেশীদের নিয়ে সারা রাত ধরে উপজেলার বিভিন্ন জায়গায় খোঁজখবর করেন।

রাত ১১টার দিকে স্বাক্ষরের বাবা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন শ্রীমঙ্গল থানায়। সন্ধ্যা ৭টার দিকে ও রাত সাড়ে ১১টার দিকে দুইবার তার ব্যবহৃত মুঠোফোন ট্রেকিং করা হয়।

একবার তাকে ভানুগাছ রোডে ও অন্যবার ষাড়ের গজের দিকে দেখানো হয়। পুলিশ ও এলাকাবাসী তাতে তন্ন তন্ন করে খোঁজেন ওই এলাকাগুলোতে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, নিহত স্বাক্ষর দেব শনিবার বিকেল হতে নিখোঁজ ছিল। পুলিশসহ স্থানীয় লোকজন শনিবার বিকেল থেকে সারা রাত অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি। আমরা রাতে অনেক চেষ্টা করেছি তাকে খুঁজে বের করার।

রবিবার ভোর সকালে লাখাইছড়া চা বাগানে শ্রমিকেরা একটি পড়ে থাকতে দেখে আমাদের ফোন দিলে আমরা ঘটনাস্থলে যাই।

এখন এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি বলা যাচ্ছে না। মৌলভীবাজার থেকে পিবিআই ও সিলেট থেকে সিআইডির স্পেশাল টিম ঘটনাটির আলামত সংগ্রহ করছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। রহস্য শিগগিরই উন্মোচন হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.