বাংলাদেশকে ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
দেশে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু এনএস-১ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দেওয়া হয়েছে। এই সহায়তা ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেও ভূমিকা রাখছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে শার্জে দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে টেস্ট কিটগুলো হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. এ. এন. এম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান।
পরে তারা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগনির্ণয় পরীক্ষাগার ঘুরে দেখেন। এ সময় তারা সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা দিতে দেখেন এবং রোগনির্ণয়ের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সহায়তায় সরবরাহ করা বিভিন্ন সরঞ্জামের ব্যবহার পর্যবেক্ষণ করেন।