গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ শ্রাবন্তি আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার শাহানারা মঞ্জিলের একটি কক্ষে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক শ্রাবন্তি আক্তার নরসিংদীর মাধবদী থানার চরদিঘলদি গ্রামের মো. মতিনের মেয়ে। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার শাহানারা মঞ্জিলে ভাড়া থাকতেন।
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে শাহানারা মঞ্জিলে অভিযান চালানো হয়। এ সময় ওই ভবনের ভাড়াটিয়া শ্রাবন্তি আক্তারের দেহ ও বসতঘরে তল্লাশি চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্রাবন্তি জানান, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও প্রাইভেট কোচিং করানোর পাশাপাশি তিনি ইয়াবা বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন। অভিযানের সময় তার দেখানো স্থান থেকেই ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।