বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

0

ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। তারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, গত ১৭ বছর ধরে তারা জেল-জুলুম চালিয়েছে। মানুষের অধিকার হরণ করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। দমন-পীড়ন, সন্ত্রাস কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করে-এমন কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না। কেউ করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

এসময় প্রতিমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

সাধারণ মানুষের দুর্ভোগ ও ভোগান্তি কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন শেষে গাছের চারা রোপণ করেন এবং সেখানে চলমান কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন তিনি। পরে উপজেলার একটি পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.