শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে ‘অপপ্রচার’, থানায় জিডি

0

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও বানোয়াট তথ্য, ছবি ও ভিডিও’ ছড়ানোর অভিযোগে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত ১ আগস্ট শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে পরিচয় দেওয়া নুরুল আফসার রমনা থানায় জিডিটি করেন।

জিডিতে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে, এসব মাধ্যম থেকে শিক্ষামন্ত্রীকে নিয়ে বিভিন্ন তথ্য, ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

জিডিতে উল্লেখ করা অ্যাকাউন্ট ও পেজগুলোর মধ্যে রয়েছে—‘Abdur Rab Bhuttow’, ‘Corruption in Media’, ‘Jawad Nirjhor’ ও ‘RTews24’।

এসব অ্যাকাউন্টের একাধিক ফেসবুক লিংকও জিডির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

জিডিতে নুরুল আফসার অভিযোগ করেন, গত কিছুদিন ধরে ফেসবুকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে নিয়ে বিভিন্ন ‘মিথ্যা ও বানোয়াট তথ্য, ছবি ও ভিডিও’ প্রচার করা হচ্ছে।

বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার পাশাপাশি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।

রমনা থানার জিডি সূত্রে জানা যায়, ১ আগস্ট আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়।

জিডির নম্বর ৪৮।

জিডির নথিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। পরে রমনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মিয়া বলেন, সাধারণ ডায়েরির বিষয়টি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পাঠানো হয়েছে।

তিনি বলেন, থানার পক্ষ থেকে একজন তদন্ত কর্মকর্তা (আইও) থাকলেও বিষয়টি সাইবার ইউনিট তদন্ত করবে। তদন্ত শেষে সাইবার ইউনিট থেকে প্রতিবেদন দেওয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.