তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ: ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, তরুণ নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হলে তারা শুধু নিজেদের সম্প্রদায়কেই শক্তিশালী করে না, দেশের ভবিষ্যৎকেও শক্তিশালী করে।
রোববার (৯ আগস্ট) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘শি লিডস টুমরো’ শীর্ষক জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান। নতুন প্রজন্মের নারী নেতৃত্ব, দৃঢ়তা ও ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে উদযাপন করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়, জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয় ইউএনওপিএস বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘এসডিজি-৫ ও এসডিজি-১৬ স্থানীয়করণের মাধ্যমে বাংলাদেশের নারী রাজনৈতিক নেতৃত্ব জোরদার’ প্রকল্পের জাতীয় প্রচার ও সমাপনী অনুষ্ঠান হিসেবে এটি আয়োজন করা হয়। যৌথ এসডিজি তহবিলের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।
ডা. জুবাইদা রহমান বলেন, তরুণ নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হলে তারা শুধু নিজেদের সম্প্রদায়কেই শক্তিশালী করে না, দেশের ভবিষ্যৎকেও শক্তিশালী করে। আরও অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের কণ্ঠ, চিন্তা ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান তরুণ অংশগ্রহণকারীদের অর্জনের প্রশংসা করে ভবিষ্যৎ নারী নেতৃত্ব বিকাশে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।