দুই সাবেক অধিনায়কের রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম
বছর তিনেক পর বিদেশের মাটিতে কোনো টেস্ট ম্যাচ জিতেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের জয়ে ১-১ সমতায় শেষ হয়েছে সিরিজ। এই সিরিজ দিয়ে পাকিস্তানের হয়ে কিংবদন্তী অধিনায়ক ইমরান খান ও ওয়াসিম আকরামের সব সংস্করণেই সিরিজসেরা হওয়ার রেকর্ডকে টপকে গেলেন টেস্ট অধিনায়ক বাবর আজম।
উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। চার ইনিংসে ব্যাট হাতে ৯৬.৫০ গড়ে ১৯৩ রান করেছেন তিনি। সিরিজে সর্বোচ্চ রানসংগ্রহাকও তিনি।
সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ একটি অর্ধশতক হাঁকান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলে পাকিস্তানকে ৪৩ রানের লিড এনে দিতে বড় ভূমিকা রাখেন। পরে ৭৫ রানের লক্ষ্য তাড়ায় অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন।
দারুণ এই পারফরম্যান্সের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভসের সঙ্গে যৌথভাবে সিরিজসেরার পুরস্কার জেতেন বাবর। গ্রিভস চার ইনিংসে ১১১ রান করার পাশাপাশি ৭ উইকেটও নেন, যার মধ্যে ছিল এক ইনিংসে পাঁচ উইকেট।
এটি ছিল টেস্ট ক্রিকেটে বাবর আজমের প্রথম ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কার। এর আগে তিনি ওয়ানডেতে চারবার এবং টি-টোয়েন্টিতে পাঁচবার এই সম্মান জিতেছিলেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার সিরিজসেরার সংখ্যা দাঁড়ালো ১০টি। একইসঙ্গে ওয়াসিম আকরামের সিরিজসেরার পুরস্কারের সঙ্গেও সমতা এনেছেন তিনি।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কার
ইমরান খান – ১০ (টেস্ট: ৮, ওয়ানডে: ২)
বাবর আজম – ১০ (টেস্ট: ১, ওয়ানডে: ৪, টি-টোয়েন্টি: ৫)
ওয়াসিম আকরাম – ১০ (টেস্ট: ৭, ওয়ানডে: ৩)
ওয়াকার ইউনিস – ৯ (টেস্ট: ৫, ওয়ানডে: ৪)