কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার দিতে হবে: মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগের প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অর্জন, চলমান কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবভিত্তিক ও তথ্যনির্ভরভাবে উপস্থাপন করতে হবে। সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমের সাফল্য ও বাস্তব অগ্রগতি জনগণের সামনে স্বচ্ছ ও বাস্তবসম্মতভাবে তুলে ধরতে হবে।
তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিবিরোধী উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জনকল্যাণমূলক কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ উদ্যোগ বাস্তবায়নে সারা দেশে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও সমন্বিত করতে হবে। পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করারও নির্দেশনা দেন তিনি।
সভায় মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ১৮০ দিনের কর্মপরিকল্পনার বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।