তাহাজ্জুদের নামাজ কি অন্ধকারে পড়তে হয়?
প্রশ্ন: তাহাজ্জুদের নামাজ কি অন্ধকারে আদায় করা আবশ্যক বা উত্তম? আলো জ্বালিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলে কি সওয়াব কম হবে?
উত্তর: তাহাজ্জুদের নামাজ অন্ধকারে পড়তে হয় এ রকম ধারণা অনেকের আছে। এই ধারণার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। তাহাজ্জুদের নামাজ আলো জ্বালিয়ে পড়া যায়, অন্ধকারেও পড়া যায় আবার আলো-আঁধারিতেও পড়া যায়। এ ক্ষেত্রে শরিয়তের কোনো বাধ্যবাধকতা বা উৎসাহ নেই।
কেউ আলো জ্বালিয়ে তাহাজ্জুদ আদায় করতে স্বাচ্ছন্দ্য বোধ করলে তিনি আলো জ্বালিয়েই নামাজ পড়বেন। কেউ যদি কম আলোতে বা অন্ধকারে নামাজে মনোযোগ বেশি দিতে পারেন, তিনি কম আলোতে বা পুরোপুরি অন্ধকারেও নামাজ পড়তে পারেন।
হাদিসে এসেছে, নবীজি (সা.) অনেক সময় অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আয়েশা (রা.) বলেন, আমি আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সামনে ঘুমাতাম, আমার পা তার কিবলার দিকে থাকতো। তিনি সিজদায় যাওয়ার সময় আমার পায়ে মৃদু চাপ দিতেন, তখন আমি পা গুটিয়ে নিতাম। তিনি দাঁড়িয়ে গেলে আবার পা প্রসারিত করতাম। সে সময় ঘরগুলোতে বাতি ছিল না। (সহিহ বুখারি: ৩৮২)
আরেকটি বর্ণনায় এসেছে, আয়েশা (রা.) বলেন, এক রাতে আমি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বিছানায় পাচ্ছিলাম না। তখন আমি এদিক-ওদিক হাতড়ে তাকে খুঁজতে লাগলাম। তখন আমার হাত তার পায়ের ওপর পড়লো। তিনি তখন সিজদারত ছিলেন। তিনি বলছিলেন, (হে আল্লাহ) আমি আশ্রয় গ্রহণ করছি আপনার ক্রোধ থেকে আপনার সন্তুষ্টির, আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি আপনার থেকে। আপনার প্রশংসা করে আমি শেষ করতে পারব না, আপনি তেমনই যেমন আপনি নিজের প্রশংসা করেছেন। (সুনানে নাসাঈ: ১৬৯)