জাতীয় দলের পাইপলাইন হাই-পারফরম্যান্স বিভাগ নিয়ে বড় পরিকল্পনা ক্রিকেট বোর্ডের
জাতীয় দলের পাইপলাইন হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ নিয়ে বড় পরিকল্পনা রয়েছে ক্রিকেট বোর্ডের। এর অংশ হিসেবে এইচপির প্রধান কোচ হতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে কাজ করা এই কোচের ওপর পরের মৌসুমের জন্য ভরসা রাখতে যাচ্ছে বিসিবি।
আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন সালাউদ্দিন এমনটি জানা গিয়েছে। এ নিয়ে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স জানান, ‘আমার মনে হয় এটি (এইচপির দায়িত্বে সালাহউদ্দিনের থাকা) বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় উপকার বয়ে আনবে। তিনি জানেন আমরা জাতীয় দলে কী করতে চাই, তাই তিনি যখন এইচপিতে কাজ করবেন, তখন নিচ থেকে আসা খেলোয়াড়দের মধ্যে সেই বিষয়গুলো গেঁথে দিতে পারবেন।’
এদিকে পাকিস্তানে সিরিজে ডাক পেয়েছেন দুই নতুন ক্রিকেটার। তাদের অভিষেকের প্রশ্নে সিমন্স বলেন, ‘দলে তরুণ এবং নতুন খেলোয়াড় আসা সবসময়ই ভালো। আগামীকাল আমরা বসব এবং চূড়ান্ত একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব। তাই যে কারো অভিষেকের সুযোগ সবসময়ই থাকে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু ঠিক করা হয়নি।’
পরে সিমন্স আরো বলেন, ‘র্যাঙ্কিংয়ে উপরে উঠতে হলে এমন বিশ্বমানের বোলারদের বিপক্ষেই খেলতে হবে। আমাদের ইউনিট হিসেবে বড় স্কোর করার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে, যা দলের জন্য ইতিবাচক। হোম কন্ডিশন বলতে আপনি ঠিক কী বোঝাচ্ছেন আমি নিশ্চিত নই। তবে উইকেট ক্রিকেটের জন্য ভালো হবে। আমাদের পরিকল্পনা হলো তাদের বিপক্ষে দীর্ঘ সময় ব্যাটিং করা।’