নিজ নির্বাচনি এলাকার সড়ক উন্নয়নে পদক্ষেপ চাইলেন রুমিন ফারহানা

0

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের দুটি ইউনিয়নের যোগাযোগব্যবস্থার দুরবস্থা তুলে ধরে তা নিরসনে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

তার প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর আহ্বান জানিয়ে বলেছেন, তা পেলে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন দুটির যোগাযোগব্যবস্থার উন্নয়নে চেষ্টা করা হবে।

রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে অংশ নিয়ে রুমিন ফারহানা এ প্রশ্ন করেন এবং মির্জা ফখরুল তার উত্তর দেন। সংসদের চলমান প্রথম অধিবেশন দুই সপ্তাহ মুলতবির পর আজ আবার শুরু হয়।

রুমিন ফারহানা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ তথা সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ, এখানে দুটো ইউনিয়ন আছে- পাকশিমুল এবং অরুয়াইল। এই দুটো ইউনিয়নের ভেতরে যে গ্রামগুলো, সেখানে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। আমাদের নৌকায় করে যেতে হয় এবং তারপর মোটরসাইকেল ছাড়া সেখানে চলাচলের আর কোনো উপায় নেই। মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া-২ এর এই রাস্তা এবং যোগাযোগব্যবস্থার কিছুটা উন্নয়নে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে?’

উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই, তিনি যদি এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবসহ আমাদের মন্ত্রণালয়ে চিঠি পাঠান, তাহলে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন দুটোর যোগাযোগব্যবস্থা উন্নয়ন করার চেষ্টা করবো।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.