ব্যবহারের মাধ্যমে মন জয় করতে পারলে জনগণ আপনাদের পাশে থাকবে: নেতাকর্মীদের মন্ত্রী

0

স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ঐক্যতেই শক্তি। একটি লাঠি সবাই ভেঙে ফেলতে পারে, কিন্তু দশটি লাঠি একসঙ্গে বাঁধা থাকলে তা ভাঙা কঠিন। ঠিক তেমনি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো শক্তিই আমাদের দুর্বল করতে পারবে না।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুঁচদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

ডা. জাহিদ হোসেন বলেন, শুধু মঞ্চে উপস্থিত মানুষ নয়, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে যেতে হবে। বিশেষ করে যেসব মা-বোন এখনো আমাদের সঙ্গে সম্পৃক্ত নন, তাদের আস্থা অর্জন করতে হবে। কথাবার্তা, আচরণ ও ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে পারলে জনগণ আপনাদের পাশে থাকবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা যদি নিজেদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, তাহলে জনগণ আপনাদের ওপর আস্থা হারাবে। তাই ভুল-ত্রুটি সংশোধন করে মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানুষের কষ্টের সময়ে সহযোগিতা করলে মানুষও আপনাদের সহযোগিতা করবে।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আদিবাসী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান কিংবা সাঁওতাল, আমরা সবাই মানুষ। আমাদের সবার রক্তের রং একই। তাই কোনো ভেদাভেদ নয়, বরং পারস্পরিক সম্মান ও সহমর্মিতার ভিত্তিতে সমাজ গড়ে তুলতে হবে। আমরা কেন অন্যের জায়গা দখল করব বা একে অপরের প্রতি হিংসা পোষণ করব? সবাই মিলে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

শিক্ষার মানোন্নয়নে স্থানীয় জনগণের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত স্কুলে যাচ্ছেন কিনা এবং শিক্ষার্থীরা সঠিকভাবে পাঠদান পাচ্ছে কিনা, তা খেয়াল রাখার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সমাজেরও। স্কুল পরিচালনা কমিটি, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সন্তানরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কিনা, তারা ভালোভাবে পড়াশোনা করছে কিনা, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে হলে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.