নতুন পে-স্কেলে বেতন নির্ধারণ যেভাবে

0

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ বিভাগ শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। নতুন প্রজ্ঞাপনটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’। নতুন এই বেতনস্কেলে সরকারি কর্মচারীদের বেতন কীভাবে নির্ধারণ করা হবে, তা বিস্তারিতভাবে তুলে ধরে গেজেট জারি করেছে সরকার।

প্রকাশিত গেজেটের অতিরিক্ত সংখ্যায় নতুন বেতনস্কেলের বিভিন্ন গ্রেড, অনুরূপ স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের পদ্ধতি এবং পদোন্নতি, প্রেষণ, ছুটি, সাময়িক বরখাস্ত ও অবসর-উত্তর ছুটিতে থাকা কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য বিধান তুলে ধরা হয়েছে।

কোন এলাকায় কত শতাংশ বাড়ি ভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা

গেজেটে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ তারিখের অব্যবহিত পূর্বে বিদ্যমান পদসমূহের বর্তমান বেতনস্কেল বিলুপ্ত হবে। ওই তারিখ থেকে বর্তমান বেতন স্কেলের প্রতিটি স্কেলের বিপরীতে নির্ধারিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এর অনুরূপ স্কেল কার্যকর হবে।

নতুন বেতনস্কেলে ২০টি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে গ্রেড-১ এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারিত। গ্রেড-২ এ ১ লাখ ৩২ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৫৩ হাজার টাকা পর্যন্ত এবং গ্রেড-৩ এ ১ লাখ ১৩ হাজার টাকা থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারিত হয়েছে।

গ্রেড-৪ এ বেতন ১ লাখ টাকা থেকে শুরু হয়ে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। গ্রেড-৫ এ ৮৬ হাজার টাকা থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, গ্রেড-৬ এ ৭১ হাজার টাকা থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা, গ্রেড-৭ এ ৫৮ হাজার টাকা থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা এবং গ্রেড-৮ এ ৪৬ হাজার টাকা থেকে ১ লাখ ১০ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে।

নতুন পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্ট হবে যেভাবে

গ্রেড-৯ এ বেতন ৪৪ হাজার টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা, গ্রেড-১০ এ ৩২ হাজার টাকা থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, গ্রেড-১১ এ ২৫ হাজার টাকা থেকে ৬০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-১২ এ ২৪ হাজার ৩০০ টাকা থেকে ৫৮ হাজার ৭০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এছাড়া গ্রেড-১৩ এ ২৪ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা, গ্রেড-১৪ এ ২৩ হাজার ৫০০ টাকা থেকে ৫৬ হাজার ৮০০ টাকা, গ্রেড-১৫ এ ২২ হাজার ৮০০ টাকা থেকে ৫৫ হাজার ২০০ টাকা, গ্রেড-১৬ এ ২১ হাজার ৯০০ টাকা থেকে ৫২ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৭ এ ২১ হাজার ৪০০ টাকা থেকে ৫১ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৮ এ ২১ হাজার টাকা থেকে ৫০ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৯ এ ২০ হাজার ৫০০ টাকা থেকে ৪৯ হাজার ৬০০ টাকা এবং গ্রেড-২০ এ ২০ হাজার টাকা থেকে ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে।

তবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদের বেতন হবে ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারিত। সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের বেতন হবে ১ লাখ ৬৪ হাজার টাকা নির্ধারিত।

উচ্চতর গ্রেডে বেতন পাবেন কারা, যা আছে পে-স্কেলের গেজেটে

গেজেটে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ তারিখে বা তার আগে কোনো কর্মচারী সংশ্লিষ্ট পদে যে মূল স্কেল, উচ্চতর গ্রেড, ভিন্ন কোনো গ্রেড বা স্কেল যে নামেই অভিহিত হোক পেয়ে থাকলে, ১ জুলাই ২০২৬ থেকে তিনি ওই বর্তমান বেতনস্কেলের বিপরীতে প্রদর্শিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এর অনুরূপ স্কেল পাবেন।

যেভাবে নতুন বেতন নির্ধারণ হবে

বর্তমান বেতনস্কেলের প্রারম্ভিক ধাপে বেতন পাওয়া কোনো কর্মচারীর বেতন নতুন জাতীয় বেতনস্কেলের অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপেই নির্ধারণ করা হবে। আর কোনো কর্মচারীর মূল বেতন বর্তমান বেতনস্কেলের সংশ্লিষ্ট স্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশি হলে প্রথমে বর্তমান মূল বেতন ও ওই স্কেলের প্রারম্ভিক ধাপের মধ্যকার পার্থক্য বের করতে হবে।

এরপর ওই পার্থক্য নতুন জাতীয় বেতনস্কেলের অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপের সঙ্গে যোগ করতে হবে। যোগফল যদি নতুন স্কেলের কোনো নির্ধারিত ধাপের সমান হয়, তাহলে ওই ধাপেই বেতন নির্ধারণ করতে হবে। আর যোগফলের সমান কোনো ধাপ নতুন স্কেলে না থাকলে পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে।

তবে ১ লাখ ৭২ হাজার, ১ লাখ ৬৪ হাজার এবং গ্রেড-১-এর ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারিত বেতনের ক্ষেত্রে এই সাধারণ পদ্ধতি প্রযোজ্য হবে না।

৯৩০০ টাকা বেতন হলে হবে ২১ হাজার ৯০০

গেজেটে বেতন নির্ধারণের একটি উদাহরণ দেওয়া হয়েছে। ৩০ জুন ২০২৬ তারিখে কোনো কর্মচারী ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বর্তমান বেতনস্কেলের প্রারম্ভিক ধাপ অর্থাৎ ৯ হাজার ৩০০ টাকা মূল বেতন পেলে, ১ জুলাই ২০২৬ থেকে ওই স্কেলের অনুরূপ নতুন স্কেলের প্রারম্ভিক ধাপ ২১ হাজার ৯০০ টাকা হবে তার নতুন মূল বেতন।

অর্থাৎ পুরোনো স্কেলের শুরুতে বেতন পাওয়া কর্মচারীর বেতন নতুন স্কেলের শুরুতেই নির্ধারণ করা হবে।

১৩ হাজার ৭৯০ টাকা বেতন হলে হবে ২৬ হাজার ৩০০

আরেকটি উদাহরণে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ তারিখে কোনো কর্মচারী ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত বর্তমান বেতনস্কেলে ১৩ হাজার ৭৯০ টাকা মূল বেতন পেলে, ১ জুলাই থেকে তার বেতন নতুন স্কেলে ২৬ হাজার ৩০০ টাকা নির্ধারণ হবে।

এর ব্যাখ্যায় গেজেটে বলা হয়েছে, বর্তমান বেতন ১৩ হাজার ৭৯০ টাকা থেকে ওই স্কেলের প্রারম্ভিক ধাপ ১২ হাজার ৫০০ টাকা বাদ দিলে পার্থক্য হয় ১ হাজার ২৯০ টাকা। নতুন জাতীয় বেতনস্কেলের প্রারম্ভিক ধাপ ২৫ হাজার টাকার সঙ্গে এই ১ হাজার ২৯০ টাকা যোগ করলে দাঁড়ায় ২৬ হাজার ২৯০ টাকা। কিন্তু নতুন অনুরূপ স্কেলে ২৬ হাজার ২৯০ টাকার কোনো ধাপ নেই। তাই পরবর্তী উচ্চতর ধাপ ২৬ হাজার ৩০০ টাকায় তার বেতন নির্ধারণ করতে হবে।

১ জুলাই পদোন্নতি হলে যেভাবে বেতন হবে

১ জুলাই ২০২৬ তারিখে কোনো কর্মচারী উচ্চতর বেতনস্কেলের পদে পদোন্নতি পেলে প্রথমে নিম্নপদে তার বেতন নির্ধারণ করতে হবে। এরপর পদোন্নতিপ্রাপ্ত পদে প্রচলিত বিধিবিধান অনুযায়ী বেতন নির্ধারণ করতে হবে।

প্রেষণে থাকা কর্মচারীদের বেতন

প্রেষণে কর্মরত কোনো কর্মচারীর ক্ষেত্রে প্রেষণে না থাকলে তিনি তার মূল অফিস বা প্রতিষ্ঠানে যে বেতন পাওয়ার অধিকারী হতেন, সেই ভিত্তিতে নতুন বেতনস্কেলে তার বেতন নির্ধারণ করা হবে।

ছুটিতে থাকা কর্মচারীদের ক্ষেত্রে

১ জুলাই ২০২৬ তারিখে কোনো কর্মচারী ছুটিতে থাকলে জাতীয় বেতনস্কেল ২০২৬-এ তার বর্তমান বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ করতে হবে। অথবা ওই তারিখে তিনি ছুটিতে না থাকলে যে বর্তমান বেতন পেতেন, সেই ভিত্তিতে নতুন বেতনস্কেলে তাঁর বেতন নির্ধারণ করতে হবে। তবে নতুন বেতনস্কেলে বেতন নির্ধারণের ফলে যে আর্থিক সুবিধা তৈরি হবে, তা ছুটির সময়ের জন্য তিনি পাবেন না।

অবসর-উত্তর ছুটিতে থাকা কর্মচারীদের বেতন

১ জুলাই ২০২৬ তারিখে কোনো কর্মচারী অবসর-উত্তর ছুটিতে থাকলে শুধু পেনশন নির্ধারণের জন্য তার বেতন জাতীয় বেতনস্কেল ২০২৬-এর সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে অবসর-উত্তর ছুটির সময়ে তার বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ পড়লে ওই বেতনবৃদ্ধিও পেনশন নির্ধারণের জন্য তার বেতনের সঙ্গে যুক্ত হবে। তবে অবসর-উত্তর ছুটির সময়ে তিনি যে ছুটির বেতন পাবেন, তা বর্তমান বেতনস্কেলের ভিত্তিতেই দেওয়া হবে।

১ জুলাই অবসর নিলে নতুন স্কেলের সুবিধা নেই

গেজেটে স্পষ্ট করা হয়েছে, ৩০ জুন ২০২৬ তারিখে কোনো কর্মচারীর অবসর-উত্তর ছুটি শেষ হলে অর্থাৎ তিনি ১ জুলাই ২০২৬ তারিখে অবসরে গেলে, ১ জুলাই থেকে কার্যকর জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের সুবিধা তিনি পাবেন না। গেজেটে আরও বলা হয়েছে, ‘মূল পেনশনভোগী’ বলতে সেই কর্মচারীকে বোঝাবে, যার চাকরিকালের জন্য পেনশন অর্জিত হয়েছে।

সাময়িক বরখাস্তদের জন্য আলাদা নিয়ম

১ জুলাই ২০২৬ তারিখে কোনো কর্মচারী সাময়িকভাবে বরখাস্ত থাকলে তিনি পুনর্বহাল হয়ে বাস্তবে কাজে যোগদান না করা পর্যন্ত তাঁর বেতন নতুন জাতীয় বেতনস্কেলে নির্ধারণ করা হবে না। পরে পুনর্বহাল হলে প্রথমে ৩০ জুন ২০২৬ তারিখে তার বেতন বর্তমান বেতনস্কেলে নির্ধারণ করতে হবে। এরপর ওই নির্ধারিত বেতনের ভিত্তিতে জাতীয় বেতনস্কেল ২০২৬-এর সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে তার বেতন নির্ধারণ করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.