শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ও চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সম্পর্ক আরও শক্তিশালী করেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ভবিষ্যতে শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও জোরদার হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ডেমরায় শামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। ওই সফরে শিক্ষাসহ বিভিন্ন খাতের উন্নয়নে সমঝোতা স্মারক সই হয়েছে। এর ধারাবাহিকতায় বেইজিং এগ্রিমেন্ট স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের শিক্ষা সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে।
তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দেওয়া শিক্ষা উপকরণ দুই দেশের শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। শামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজে এ আয়োজন দুই দেশের বন্ধুত্বেরই নিদর্শন।
অনুষ্ঠানে উপস্থিত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। স্মার্ট ক্লাসরুমের এ উপহার ডিজিটাল বিশ্বে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, এ উপহার চীনের জনগণ ও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বাংলাদেশের প্রতি ভালোবাসার নিদর্শন।