ফলাফল খারাপ হলে শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত: জি কে গউছ
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেছেন, যেসব প্রতিষ্ঠানে ফলাফল খারাপ হয়, সেখানে শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে ফল খারাপ করা শিক্ষার্থীদেরও জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন।
বুধবার (২৫ মার্চ) সকালে হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী জে কে অ্যান্ড এইচ কে হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মেধা বাজারে বিক্রি হয় না। এর জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। লেখাপড়ায় অধিক মনোযোগী হতে হয়। পরীক্ষার ফলাফল ভালো করতে হবে। শিক্ষার্থীদের অনুরোধ করবো তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে। নিজেদের ভালোর জন্যই ভালো ফলাফল করতে হবে। ফলাফল যদি খারাপ হয় তবে রাষ্ট্র কেন বিনিয়োগ করবে?
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের রাজনীতি থেকে বিরত থাকতে হবে। আপনাদের রাজনীতির কারণে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়। আগে যারা এক রাজনীতির পরিচয় বহন করেছেন, এখন অবস্থার পরিবর্তনে পরিচয় বদলালে ভুল করবেন। ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে বিএনপিতে নতুন করে যোগদানের কোনো প্রয়োজন নেই বলে দল থেকে আগেই জানানো হয়েছে।
তিনি বলেন, শিক্ষকতা একটি পবিত্র দায়িত্ব। পড়াশোনার মান ভালো না হলে কখন কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এভাবে চলতে পারে না।
গউছ বলেন, অভিভাবকরা অনেক আশা নিয়ে নিজেদের সন্তানদের আপনাদের কাছে দিয়েছেন। লেখাপড়ার মান উন্নয়ন, আদব-কায়দা শেখানো আপনাদের দায়িত্ব। আমি আশা করবো, শিক্ষকরা আরও বেশি মনোযোগী হবেন।