তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: নজরুল

0

তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মুক্তিযুদ্ধের সময় আমরা যখন যুদ্ধ করতাম তখন আমাদের বলা হতো সন্ত্রাসী, আমরা নাকি বিশৃঙ্খলা করি। তখন শান্তি কমিটি করা হয়েছিল।

আর এখন আমরা (বিএনপি) যেখানে মিছিল সমাবেশ করতে যাই, সরকারি দল আওয়ামী লীগ করে শান্তি সমাবেশ। মুক্তিযুদ্ধের সময় করেছিল শান্তি কমিটি, এখন সরকারি দল করে শান্তি সমাবেশ। মুক্তিযুদ্ধের সময় যারা শান্তি কমিটি করেছিল, তাদের বিরুদ্ধে আইন হয়েছিল। দেশের মানুষ ওদের বলে দালাল।

গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় ১০ দফা দাবিতে দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রবীণ ওই নেতা সরকারি দলের উদ্দেশে আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেবেন না। পাকিস্তানিরাও বাধা দিয়ে পারেনি। তাদেরকে এ দেশ ছাড়তে হয়েছে। বন্ধ করুন এই অপসংস্কৃতি। আপনারা কর্মসূচি করবেন, করুন। আমরা আজ করলে আপনারা আরেক দিন করেন। আমরা ১০ হাজার লোক নিয়ে করলে, আপনারা ২০ হাজার লোক নিয়ে করেন। মানুষ বলবে আপনাদের লোক বেশি। তা না করে কোণায় কোণায় লোক বসিয়ে রাখেন বাধা দেওয়ার জন্য। দেশের মানুষকে ভয় দেখাবেন না। এদেশের কৃষক, ছাত্র, জনতা ভয় পায় না।

তিনি আরও বলেন, অনেকেই বলেন বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের কথা। কিন্তু এদেশে আর ’১৪ ও ’১৮ সালের মতো নির্বাচন হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ গুজব ছড়াবে, কেউ বিশ্বাস করবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এখন তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ঐক্য বজায়ে রাখুন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.