দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি’র
বর্তমান সরকারকে হটাতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার (১৬ এপ্রিল) গুলশানের ইমামুয়েল কনভেনশন সেন্টারে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে একদিকে বাংলাদেশের ভয়াবহ অর্থনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলা অবস্থা, সর্বব্যাপী দুর্নীতি, দ্রব্যমূল্যের অসহনীয় অবস্থা আর অন্যদিকে রাজনৈতিক অবস্থা। এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেক বেশি, এই দায়িত্ব পালন করতে হবে। ’
তিনি বলেন, আমাদের ছোট-খাটো ভুল বোঝাবুঝি, ছোট-খাটো বিভেদ সব ভুলে গিয়ে শুধু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য আমরা সবসময় জাতীয় ঐক্যের কথা বলছি, জাতীয় ঐক্যের ওপরে আমরা অত্যন্ত গুরত্বরোপ করছি। ’
ফখরুল বলেন, ‘আসুন আমাদের মধ্যকার ছোট-খাটো বিরোধ ভুলে গিয়ে দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, দেশকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এই যে জালেম গণতন্ত্রবিরোধী সরকার যারা আমাদের ওপরে চেপে বসে আছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমরা এদেরকে সরে যেতে বাধ্য করি, পদত্যাগে বাধ্য করি এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার গঠন করে তার অধিনে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের জনগনের পার্লামেন্ট, জনগনের সরকার প্রতিষ্ঠা করি। এটাই আমাদের সামনে লক্ষ্য। ’
মির্জা ফখরুল বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলেছেন যে, একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারপর তাদের অধিনে নির্বাচনের পরে যারা আন্দোলনে অংশ নেবে তাদের সবাইকে নিয়ে সবার মতামতের ভিত্তিতে ভবিষ্যতে দেশ পরিচালনা করা হবে। ’