ইসরাইলের হাতে অবরুদ্ধ গাজা; প্রয়োজনীয় সকল কিছু সরবরাহের আহ্বান জাতিসংঘের
ইহুদীবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিদ্যুতসহ সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার (২৫ আগস্ট) জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থায় ইউনাইটেড ন্যাশানস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ) এ আহ্বান জানায়।
ইউএনআরডব্লিউএ উদ্বেগ প্রকাশ করে বলেছে, গত ১৮ আগস্ট থেকে ইসরাইল কর্তৃপক্ষ গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। কেবলমাত্র দৈনিক দুই থেকে তিন ঘন্টা চলতে পারে বিদ্যুৎ। প্রতিদিন প্রায় একুশ ঘন্টা বিদ্যুৎ ছাড়া থাকতে হচ্ছে গাজার বাসিন্দাদের। এটি গাজার মানুষের সুস্বাস্থ্য এবং সুরক্ষার উপর বিরূপ প্রভাব ফেলবে এবং হাসপাতালগুলিসহ গাজা উপত্যকার গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিতে বিধ্বংসী প্রভাব ফেলবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এটি প্রায় ২ মিলিয়ন মানুষের জীবন ও স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলেছে, যার মধ্যে ১.৪ মিলিয়ন নিবন্ধিত ফিলিস্তিনী শরণার্থী রয়েছে। অথচ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে এটি উচিত নয়।
গাজা উপত্যকার পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে ফিলিস্তিনের ইউএনআরডাব্লুউএ বিষয়ক পরিচালক মাত্তিয়াস শামলে বলেছেন, সমস্ত নাগরিকের মৌলিক চাহিদা মেটাতে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের সরবরাহ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে আহ্বান জানানো হচ্ছে।
পাশাপাশি বেসামরিক জনগণের জন্য শাস্তি হিসাবে বিবেচিত অন্যান্য পদক্ষেপ যেমন ফিশিং জোনটি বন্ধ করার ব্যপারে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
শামলে আরো বলেন, গাজায় টানা দশ রাতেরও বেশি সময় ধরে বিমান হামলা চালানো হয়েছে। এমতাবস্থায় সকল পক্ষকে বেসামরিক জনগণকে তাদের মর্যাদা ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধার সাথে চূড়ান্ত সংযম প্রদর্শন করতে হবে এবং সুরক্ষা দিতে হবে।