পর্যাপ্ত মজুদ থাকলেও আরও ৫ লাখ টন ধান সংগ্রহের সিদ্ধান্ত সরকারের
অভ্যন্তরীণ বাজার থেকে চলতি মৌসুমে ৫ লাখ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হয়ে এই ক্রয় প্রক্রিয়া চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আজ বুধবার (২২ এপ্রিল) এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কৃষকরা যাতে সরাসরি গুদামে ধান দিয়ে ন্যায্য মূল্য পান, সেদিকে বিশেষ নজর রাখা হবে।
দেশের বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতি সম্পর্কে তথ্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি গুদামগুলোতে ১৮ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এই সন্তোষজনক মজুদের পাশাপাশি নতুন করে বোরো ধান সংগ্রহ করা হলে খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা থাকবে না।