ভোলায় গ্রেপ্তার হওয়া জামায়াতের সেই নারী কর্মীর জামিন
ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর দায়ে গ্রেপ্তার হওয়া ভোলা জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা সুমী (৩৭) জামিন পেয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিন মঞ্জুর করেন ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু।
বিষয়টি নিশ্চিত করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছেদ।
এর আগে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ভোলা শহরের আদর্শ একাডেমি থেকে বিবি সাওদাকে আটক করে মডেল থানার পুলিশ।
তিনি ফেসবুকে সরকাররিবোধী বিভিন্ন মন্তব্য করে পোস্ট করেছেন এমন অভিযোগে তাকে আটকের পর জেলহাজতে পাঠায় পুলিশ।
মঙ্গলবার দুপুরে জামায়াতের নারী কর্মী সাওদার পক্ষে আইনজীবী সমিতির সভাপতি ফরিদ আহমেদ, আব্দুল্লাহ আল মামুনসহ আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তাকে জামিন দেন।
জামায়াতে ইসলামীর ভোলা পৌর আমির জামাল উদ্দিন বলেন, বিবি সাওদার জামিনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে তাই আমাদের আন্দোলন কর্মসূচী স্থগিত করেছি।