বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ একই পরিবারের চার নিহত হয়েছেন। দুর্ঘটনায় শিশুসহ গাড়িটিতে থাকা নয় যাত্রী দগ্ধ হন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে দুর্ঘটনায় বেঁচে যাওয়া ফাতেমা নামে দেড় বছর বয়সী শিশুর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তিনি।
বুধবার (১৮ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আহত শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তিনি বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছেন। পরে শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবেন প্রধানমন্ত্রী।
এর আগে বুধবার (১৮ মার্চ) সকালে শেরপুর এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। আহত শিশু ফাতেমাসহ নয়জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।