পেলে, ম্যারাডোনা, রোনালদোদের হারিয়ে শীর্ষে জায়গা করে নিলেন মেসি
পেলে না ডিয়েগো ম্যারাডোনা, সর্বকালের সেরা কে? ফুটবল আলোচনায় এমন একটা বিতর্ক এক সময় চলত বেশ। তবে শেষ ১৫ বছরে এই তালিকায় যোগ হয়েছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম দুটোও। বিশেষ করে পেলে, ম্যারাডোনার সঙ্গে মেসির নামটাও বেশ জোরেশোরেই আলোচিত হয়েছে শেষ দেড় দশকে।
এবার সেই বিতর্কের ‘অবসান’ ঘটানোর একটা চেষ্টাই করল ফুটবল বিষয়ক ওয়েবসাইট ফোরফোরটু। সর্বকালের সেরা ১০০ ফুটবলারের একটা তালিকা প্রকাশ করেছে ওয়েবসাইটটি, যেখানে পেলে, ম্যারাডোনা, রোনালদোদের হারিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন মেসি।
এই তালিকায় আছে ব্রাজিল কিংবদন্তি কাকা থেকে শুরুর করে আছে কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিনের নাম। কাকা আছেন তালিকার ৯৮তম অবস্থানে, আর ইয়াশিন ৩১তম।
এই তালিকা যে সর্বকালের সেরার আলোচনার অবসান ঘটানোর চেয়ে বিতর্কের জন্মই বেশি দেবে তা বলাই বাহুল্য। যেমন ধরুন ব্রাজিলিয়ান রোনালদোর কথাই! ব্যালন ডি অর জিতেছেন, দলকে জিতিয়েছেন বিশ্বকাপ, ভিন্ন ভিন্ন বিশ্বকাপে সেরা গোলদাতা আর সেরা খেলোয়াড়ের পুরস্কারও আছে তার দখলে। এরপরও তার অবস্থান এই তালিকার ১০-এ। ওদিকে কিংবদন্তি জর্জ বেস্ট তাকে ছাড়িয়ে আছেন তালিকার ৭ম অবস্থানে।