অসাধুচক্রের ফায়দা নেওয়া ঠেকাতে বাজার তদারকি জোরদার হবে: প্রতিমন্ত্রী

0

জ্বালানি তেলের দাম বাড়ানোর সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে ফায়দা লুটতে না পারে, সেজন্য বাজার তদারকি জোরদার করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (২১ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম সমন্বয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে পরিবহনসহ বিভিন্ন খাতে যাতে অযৌক্তিকভাবে ব্যয় বা ভাড়া বাড়ানো না হয়, সেদিকে সরকার নজর রাখবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আগেরবার জ্বালানি তেলের দাম সমন্বয়ের পর যোগাযোগ মন্ত্রণালয় কার্যকরভাবে কাজ করেছিল। ফলে জ্বালানি তেলের দাম যে পরিমাণ বেড়েছিল, তার তুলনায় পরিবহন ভাড়া কিলোমিটারপ্রতি কম হারে বেড়েছিল।

এবারও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে তারা কাজ শুরু করেছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘অসাধু কোনো সিন্ডিকেট যেন জ্বালানি তেলের দাম বাড়ানোর সুযোগ নিয়ে ফায়দা লুটতে না পারে, সে জন্য বাজার মনিটরিং জোরদার করা হবে।’

সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। নতুন দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বেড়েছে। মূল্যবৃদ্ধির ফলে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোলের দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.