মাদকাসক্তদের জন্য কারাগারে হবে মাদক নিরাময় কেন্দ্র: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘মাদকসেবীদের গ্রেফতার করার পর তারা জামিনে এসে আবারও মাদক সেবনে জড়িয়ে পড়েন। এতে স্থায়ী কোনো সমাধান হয় না। তাই মাদকাসক্তদের জন্য কারাগারে মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের মিলনায়তনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘মাদকসেবীকে ধরলেন, আবার তিনি জামিনে বের হয়ে মাদক সেবনে যুক্ত হলেন। এতে কোনো লাভ হয় না। এ জন্য একটি স্থায়ী সমাধান প্রয়োজন। তখন আমরা সবাই মিলে চিন্তা করলাম, জেলখানায় একটি মাদক নিরাময় কেন্দ্র করব। সেখানে ডাক্তার থাকবে, তারা মাদকাসক্তদের চিকিৎসা দেবেন। চিকিৎসার মাধ্যমে তারা পরিবর্তিত হয়ে বাড়িতে ফিরে আসবেন। বিষয়টি আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। প্রধানমন্ত্রী এর অনুমোদন দিয়েছেন। জেলখানায় একটি মাদক নিরাময় কেন্দ্র করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করি। কিন্তু কিছু কিছু কাজ করতে সময় লাগে। একটি ব্রিজ ভেঙে গেলে তা দ্রুত তৈরি করা যায়। কিন্তু মানুষের চরিত্রে নেশার যে আসক্তি তৈরি হয়, সেখান থেকে বের হতে সময় লাগে। আমরা পরিবর্তিত হলে আমাদের সন্তানদের ভালো রাখতে পারব।’