তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দ্বিসাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এসময় কোন কোন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দেবেন সে সম্পর্কে জানতে চাওয়া হয়। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশ নেবেন কি না, তা নিয়ে প্রশ্ন করা হয়।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমার কাছে কোনো হালনাগাদ তথ্য নেই।’
আগামী ১২-১৩ সেপ্টেম্বর নতুন দিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন হবে। এতে ১১টি সদস্য দেশের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেবেন।
ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর আগে গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে বিএনপি সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।
তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশন থেকে ফিরে এলেই তার ভারত সফরের দিনক্ষণ ঠিক করা হবে।
গত শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, এ নিয়ে কথাবার্তা চলছে। এখনো চূড়ান্ত হয়নি। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে।