১৭ বছরে অনিয়ম দুর্নীতির কারণে দেশের প্রত্যেকটা খাতই ধ্বংসের শেষ প্রান্তে: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ১৭ বছর জুলুম এবং নানান অনিয়ম দুর্নীতির কারণে শুধু স্বাস্থ্যক্ষেত্র কেন, বাংলাদেশের প্রত্যেকটা খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি। আপনারা জানেন যে, প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যক্ষেত্রে। জনবল কাঠামো সারা বাংলাদেশেই সংকট রয়েছে। আমরা নিয়োগের মধ্যে চলে গিয়েছি। অল্প সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন হয়ে গেলে এই হাসপাতালের যেগুলো চাহিদা আছে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই সহযোগিতা করেন, যাতে আমি এই হাসপাতালটাকে জনগণের স্বাস্থ্য সেবার সুযোগ তৈরি করে দিতে পারি।
মন্ত্রী আরও বলেন, গত সভায় যেগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলোকে ফলোআপ করার জন্য, কতটা কার্যকরী হয়েছে, কতটা কার্যকরী হচ্ছে না, কেন হচ্ছে না সেই বিষয়টা অনুসন্ধান করার জন্য আমি এসেছি।
এরই মধ্যে আপনারা জানেন যে এখানে আইসিইউ বেডের একটা দাবি ছিল, আমরা অ্যানেস্থেশিয়ার অভাবে দিতে পারিনি, এরই মধ্যে পদায়ন হয়েছে। আমি আশা করি আগামী এক মাসের ভেতর নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।
রংপুরে সম্প্রতি একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। যদিও এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে, তদন্তে হয়ত বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে, হয়ত একটু সময় লাগছে। তবে আমরা চাই, যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারে যারা দোষী এবং হত্যাকাণ্ডের পেছনে যদি কেউ জড়িত থাকে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি। সেকারণে হয়ত একটু সময় লাগছে, কারণ এত বড় একটা হত্যাকাণ্ড এর আগে রংপুর শহরে ঘটেছে বলে আমার জানা নাই। আমরা সেজন্য একটু সময় নিচ্ছি। আশা করি, অল্প কিছুদিনের মধ্যেই হয়ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা চার্জশিট দিয়ে দ্রুততম সময়ে আমরা বিচারকার্য শেষ করতে পারব।
পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন মন্ত্রী।