অপরাধীরা শাস্তি পাবে, তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন: তথ্যমন্ত্রী
বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত আগৈলঝাড়া থানা পরিদর্শন করেছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
একই সঙ্গে তিনি বলেন, অপরাধীরা শাস্তি পাবে, তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।
শনিবার (১১ জুলাই) দুপুরে আগৈলঝাড়া থানায় পৌঁছে হামলায় ভাঙচুর হওয়া বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তথ্যমন্ত্রী। পরে আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
থানা পরিদর্শন শেষে তিনি আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় সাংবাদিকরা থানায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির বরিশাল ব্যুরো এফএম নাজমুল রিপন এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের আগৈলঝাড়া প্রতিনিধি সাইফুল ইসলামকে আসামি করার বিষয়টি তার নজরে আনেন।
এ বিষয়ে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, থানায় হামলা ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। এ ঘটনায় জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্যসচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাবেক সভাপতি সরদার হারুন রানা এবং স্থানীয় সাংবাদিকরা।