প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী ও ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী জুবাইদা রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় ক্যাম্পাসের ‘বড় বোন’কে ঘিরে শুরু হয় সেলফি উৎসব, আর শিক্ষার্থীদের আনন্দে সামিল হন প্রধানমন্ত্রী নিজেও।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই। একসময় এই প্রতিষ্ঠানে তিনি নিয়মিত চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও সক্রিয়ভাবে অংশ নিতেন।
দীর্ঘদিন পর নিজের প্রিয় ক্যাম্পাসে ফিরে শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন ডা. জুবাইদা রহমান। তার সঙ্গে ছিলেন স্বামী প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক ছাত্রী ও চিকিৎসক হিসেবে বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন তিনি।
ক্যাম্পাসের পরিচিত মুখকে দীর্ঘ দিন পর কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় ‘বড় বোন’কে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় সেলফি তোলার উৎসব। অনেকেই এই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন।
শিক্ষার্থীদের এই আনন্দে সামিল হন প্রধানমন্ত্রী তারেক রহমানও। তিনি নিজে থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান। এতে ক্যাম্পাসের আনন্দঘন পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় ডা. জুবাইদা রহমানও যেন ফিরে যান তার পুরোনো দিনগুলোতে। শিক্ষার্থীদের সঙ্গে গল্প, আড্ডা ও স্মৃতিচারণে কিছু সময় কাটান তিনি।
শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
জানা গেছে, প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় ঢাকা মেডিক্যাল কলেজে দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।