দেশকে সুন্দর ও পরিবেশবান্ধব করতে হলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে: জয়নুল আবেদীন

0

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, নদীভাঙন রোধে সরকার ইতোমধ্যে সাড়ে ৯০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় দেশজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুন চর এলাকায় ‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, দেশকে আরও সুন্দর ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে হলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। আমরা গাছ কাটতে জানি, কিন্তু গাছ লাগানোর অভ্যাস এখনো সেভাবে গড়ে ওঠেনি। ফলে জলবায়ু পরিবর্তন, ঝড়, বন্যা ও নদীভাঙনের মতো নানা দুর্যোগের ঝুঁকি বাড়ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী মোট ২৫ কোটি গাছ রোপণ করা হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এ সংসদ সদস্য আরও বলেন, গত চার মাসে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, সারা দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক। বাবুগঞ্জ দুর্গম এলাকা হওয়ায় বিভিন্ন দিক থেকে এখানে মাদক প্রবেশ করে। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার এবং তিনি ব্যক্তিগতভাবে ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছেন। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা বাহিনী যাদের গ্রেপ্তার করবে, তাদের পক্ষে কেউ যেন সুপারিশ না করেন। কেউ তদবির করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.