ম্যাচের আগেই সোশ্যাল মিডিয়ায় জমে উঠেছে ব্রাজিল-নরওয়ে লড়াই

0

আধুনিক ফুটবলের আসল রোমাঞ্চ এখন আর শুধু মাঠের নব্বই মিনিটে আটকে নেই, বল মাঠে গড়ানোর আগেই লড়াইটা শুরু হয়ে যায় মাঠের বাইরে, সোশ্যাল মিডিয়ায়।

আজ দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে।

তবে আসল লড়াইয়ের আগেই ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো উত্তাপ আর বিনোদন ছড়িয়ে দিয়েছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হ্যালান্ড!

ম্যাচের আগে নিজের সোশ্যাল মিডিয়ায় দারুণ এক আর্টওয়ার্ক পোস্ট করে সবার নজর কেড়েছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। ছবিতে দেখা যায়, ব্রাজিলের বিখ্যাত রিও ডি জেনিরিওর কোপাকাবানা সৈকতে বসে রিল্যাক্স করছেন হ্যালান্ড।

পেছনে জ্বলজ্বল করছে রিওর আইকনিক ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি আর সুগারলোফ পাহাড়। আর হ্যালান্ড? গায়ে দেশের তোয়ালে জড়িয়ে সৈকতে বসে দিব্যি স্ট্র দিয়ে ডাবের পানি খাচ্ছেন এবং ধ্যান করছেন!

হ্যালান্ডের এমন ব্রাজিল-প্রেমী ছবি দেখে চুপ নেই সেলেসাও ভক্তরা? মুহূর্তেই মন্তব্যের বন্যায় ভেসে যায় হ্যালান্ডের ওই পোস্ট।

প্রিয় দলের প্রতিপক্ষ হলেও মজার ছলে ব্রাজিলিয়ান সমর্থকরা নানা রকম খুনসুটি শুরু করেন।

এক ভক্ত রসিকতা করে লিখেছেন, ‘ভাই, সোমবার থেকে আমরা আবার তোমাকে ভালোবাসতে শুরু করব!’ আরেকজন তো এক কাঠি সরেস।

তিনি সরাসরি প্রস্তাবই দিয়ে বসলেন, ‘ব্রাজিলকে যখন তুমি এতই ভালোবাসো, সুযোগ বুঝে কাল আমাদের হয়ে একটা আত্মঘাতী গোল দিয়ে দিও ভাই!’

তবে ব্রাজিলিয়ানদের সঙ্গে হ্যালান্ডের এই মজার সম্পর্ক কিন্তু নতুন নয়। কদিন আগেই রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গেও সোশ্যাল মিডিয়ায় দারুণ এক খুনসুটিতে মেতেছিলেন তিনি। হলিউডের বিখ্যাত কমেডি সিনেমা ‘হোয়াইট চিকস’-এর একটি মিমের অনুকরণে ভিনিকে মেনশন করে হ্যালান্ড বলেছিলেন, বাস্তবেও তাদের এমন একটা দৃশ্য তৈরি করা উচিত! হ্যালান্ডের এমন অদ্ভুত প্রস্তাবে তখন হাসিতে ফেটে পড়েছিলেন ভিনি।

মাঠের বাইরের এই খুনসুটি আর মজার লড়াইয়ের পর এবার দেখার পালা, আজ নিউজার্সির মাঠে যখন এই দুই দল মুখোমুখি হবে, তখন হাসিমুখটা কাদের থাকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.