পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট।
তিনি আরও বলেন, বিরোধী দল বলছে-এটা কল্পনা ও স্বপ্নের বাজেট।
তবে এই কল্পনা না থাকলে, স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও জানান প্রতিমন্ত্রী।
শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা, চাল ও ছাগল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতি বছর বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ থাকলেও এবারের বাজেটে এমন কোনো চাপ সৃষ্টি হয়নি। তাই এটিকে আমরা জনবান্ধব বাজেট বলছি।
একইসঙ্গে তিনি বলেন, সরকার গঠনের মাত্র চার মাস হচ্ছে। এই চার মাসে আমরা দেশের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
নিজস্ব তহবিলসহ সরকার দেশের মানুষের জন্য বরাদ্দ দিচ্ছে আমরা তা সংসদ সদস্য হিসেবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। একইসঙ্গে মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছি।
পরে পঞ্চগড়ের দেবীগঞ্জে আটকে থাকা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু করতে পর্যায়ক্রমে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।