শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আগামী শনিবার (৩০ মে) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৬টি স্থানে একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
কর্মসূচির প্রথম পর্ব অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউর টিঅ্যান্ডটি স্কুল মাঠে। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ঢাকা মহানগর বিএনপির নেতা এবং স্থানীয় পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।
এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগেও প্রতিবছরের মতো এবারও পৃথকভাবে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আয়োজকরা জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।