নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী, খাল পুনঃখনন কার্যক্রম ও বিএনপির সাংগঠনিক সভায় অংশ নিতে ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) তিনি এ সফরে যাবেন বলে তার প্রেস উইং সূত্রে জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, এদিন সকাল ৯টায় সড়ক পথে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় তিনি উপজেলার বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী দুপুর ২টায় নজরুল ডাকবাংলোয় উপস্থিত হয়ে স্বল্প সময়ের জন্য বিরতি নেবেন। বিকেল ৩টায় তিনি নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। এসময় তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এরপর বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান।