জুলাইয়ের মধ্যে গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব সরকারের কাছে তুলে ধরা হবে: তথ্যমন্ত্রী
একটি কমিটি গঠন করে আগামী জুলাইয়ের মধ্যে গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব সরকারের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্যমন্ত্রী বলেন, ‘গত পরশুদিনও আলাপ করেছি সম্পাদকদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। এর আগে সংবাদপত্র মালিক সমিতির সঙ্গেও কথা বলেছি। আমরা সকলেই একমত যে, গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা একটা অরাজকতা বিরাজ করছে।’
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সকল অংশীদারই একমত যে, আমাদের সকলের সর্বসম্মতিক্রমে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার; নট নিয়ন্ত্রণ, রেগুলেশন—যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। রাষ্ট্রও সেখানে কেবল একটা সেবাদানকারী এবং সেবাগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে অংশীদার হবে, অন্যদের মতো। এবং রাষ্ট্রসহ সকল অংশীদারের সেবাটা নিশ্চিত করার জন্য এবং একটা ইউনিফর্মড রেগুলেশনের মধ্যে রাখার জন্য আমরা একটা মিডিয়া কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছি।’
‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্বাচনি ইশতেহারে এবং আমাদের তৎপূর্বে আমাদের ৩১ দফার যে রাষ্ট্র মেরামতের কর্মসূচি, সেখানেও আমরা সুদৃঢ়ভাবে এটা বলেছি। আমরা এখনো সেই লক্ষ্যে ধাবিত হতে চাই। অগ্রগতি হচ্ছে এই যে, সকল অংশীদারই আমাদের এই লক্ষ্যের সঙ্গে এখন একই যাত্রায়, যৌথ যাত্রার মধ্যে আছেন।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আশা করি প্রধানমন্ত্রীর গত পরশুদিনের নির্দেশে জুন মাসের মধ্যেই আমরা একটা পরামর্শ কমিটি গঠন করে একটা খসড়া প্রস্তাব সরকারের কাছে, গণমাধ্যম কমিশন গঠন করার লক্ষ্যে আমরা হাজির করবো। এরই মধ্যে প্রেস কাউন্সিলকে আরও কীভাবে কার্যকরী করা যায়, সে বিষয়ে আমরা চেষ্টা করবো। কারণ প্রেস কাউন্সিলের যে বিদ্যমান আইন-কানুন, বিধিমালা এবং তার যে কাঠামো—এটাকে এভাবে নিষ্ক্রিয় না রেখে, সেটাও আমরা সকলে মিলে একমত পোষণ করেছি সকল অংশীদারই।’
জহির উদ্দিন স্বপন বলেন, আশা করি জুলাই মাসের দিকে আমরা আমাদের সকলের গ্রহণযোগ্য সম্মিলিত একটা প্রস্তাবনা প্রধানমন্ত্রীসহ সরকারের কাছে উপস্থাপন করতে পারবো।