নির্বাচনে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে। তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মোয়াজ্জিনদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা মানুষকে কার্ড দেওয়া শুরু করেছি। এই এলাকার মানুষও ফ্যামিলি কার্ড পাবেন। আগামী জুনে যে বাজেট, সেখানে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বরাদ্দ রয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ইনশাল্লাহ আমরা আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বাংলাদেশের মানুষ বিশ্বাস নিয়ে বিগত নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করেছে। বাংলাদেশের মানুষের সেই বিশ্বাসের মূল্যায়ন করবে।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে সরকারের সমালোচনা করলেই মানুষকে গুম ও মামলার শিকার হতে হতো। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জনগণ সেই শাসনের অবসান ঘটিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বহু মানুষ জীবন দিয়েছে এবং রক্ত ঝরিয়েছে।

তিনি আরও বলেন, দেশকে শুধু স্বৈরাচারমুক্ত করাই যথেষ্ট নয়, এখন প্রয়োজন দেশ পুনর্গঠন। দেশের মানুষ একসময় ভয়াবহ স্বৈরাচারের মধ্যে ছিল। জনগণ সেই অবস্থা থেকে দেশকে মুক্ত করেছে। এখন আমাদের দায়িত্ব একটি নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।

উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করুন। ইনশাল্লাহ, দেশের যেসব কাজ রয়েছে, বিএনপি সবগুলো পর্যায়ক্রমে করবে। আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, ইনশাআল্লাহ গড়ে তুলব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.