দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করবে না সরকার। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানান তিনি।
বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় বিদ্যমান জট দূর করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে শিক্ষাজীবন শুরুর পর একজন শিক্ষার্থী ১০ বছরের মধ্যেই এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডিসেম্বরে পরীক্ষা শেষ করা নিয়ে আজ বৈঠক হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস যথাযথভাবে সম্পন্ন করে কীভাবে সময় নষ্ট না করে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করা হবে।