হামের টিকা না দেওয়া শতশত শিশুমৃত্যুর ঘটনা তদন্তে শিগগির কমিটি গঠন করা হবে: উপদেষ্টা
দেশি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে হামের টিকা না দেওয়া শতশত শিশু মৃত্যুর ঘটনা তদন্তে শিগগির কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এই উপদেষ্টা বলেন, ‘ডিজাস্টার হলো টিকা দিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে। যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে ইনভলভ করে কাজ করানো চিন্তাভাবনা আছে। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি।’
হামের টিকা নিয়ে যে তদন্ত করার কথা, সেটা হলো যে—এটা, এই সময়টা কবে থেকে কবে, কত সাল থেকে কত সালের ভেতরে এই টিকার সময়টা আসবে তদন্তের জন্য? কারা কারা থাকবে এই কমিটিতে এবং কী কী দেখবে এই কমিটি? এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘তদন্তের প্রধান উদ্দেশ্য কী হবে? সেটা হচ্ছে আমরা একটা প্রিভেন্টেবল ডিজিজে শিশুমৃত্যু ঘটলো। একটা মৃত্যু… আমি আগেও একদিন বলেছি, সিন্স আই অ্যাম আ ডক্টর, একটা হামের মৃত্যু আসলে গ্রহণযোগ্য না, কারণ এটা আমরা প্রিভেন্ট করতে পারি এবং আমরা ওই জায়গায় চলে গিয়েছিলাম। সেখানে এই সংখ্যাটা এখন ৪০০-র মতো।’
‘তদন্ত কমিটি আসলে দেখবে কী কারণে এটা ল্যাক করলো এবং এই টিকা যে দেওয়া হলো না—এটা ব্যাক ক্যালকুলেশন করলে আপনি পাবেন কবে থেকে এই অবহেলা শুরু হলো, যেন আমাদের ওই ৯৫ পার্সেন্টের একটা কভারেজ প্রয়োজন হয় হার্ড ইমিউনিটির জন্য, সেটার সমস্যা হলো। আওয়ামী লীগের সময় থেকে যদি সেটা হয়, ইন্টারিমের সময় তো কিছু তথ্য আমাদের সামনে আসলে আছে।’
তিনি বলেন, ‘আমরা ইউনিসেফের প্রতিনিধিকে পাবলিকলি ইন্টারভিউ দিয়ে বলতে শুনেছি যে, তারা সরকারকে কিন্তু অ্যালার্ম দিয়েছিলেন যে—তারা যেভাবে প্রকিউর করতে চাচ্ছেন এটা সংকট তৈরি করতে পারছে। এগুলো তাদের জায়গায়। কিন্তু তাদের কথাই যে শতভাগ সঠিক তা না, তদন্ত কমিটি সবই যাচাই-বাছাই করে দেখবে।’
‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের এভাবে আলাপ হয়েছে যে, আমাদের রাষ্ট্রীয় ব্যক্তি-প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি-প্রতিষ্ঠান যারা টিকা বা এসব নিয়ে, স্বাস্থ্য নিয়ে কাজ করে, তাদের সমন্বয় করে হবে কমিটি। কমিটিটা যখন তৈরি হবে, কারা কারা সদস্য আমরা নিশ্চয়ই জনগণকে সেটা জানাবো এবং আমরা আশা করি সেটার কাজ খুব দ্রুতই শুরু হবে।’
জাহেদ উর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের গাফিলতি আছে, এটার কারণে শিশু মৃত্যু হয়েছে এবং এগুলো অনেকগুলো ফৌজদারি অপরাধের পর্যায়ে চলে যাবে। কিন্তু ওনারা ইনটেনশনালি এটা করেছেন—এরকম কিছু না। কিন্তু আমরা ওই জায়গাটাই খুঁজে বের করতে চাই দুটো কারণে। একটা হচ্ছে যদি শাস্তির রেকমেন্ডেশন আসে (আমি আবারও বলছি এগুলো ডিপেন্ড করবে)।’