ভারতীয়দের ১ বছর স্বর্ণ না কেনার আহ্বান নরেন্দ্র মোদির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে অন্তত এক বছর স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা করতেই এই আহ্বান। যে দেশে স্বর্ণ সঞ্চয়, বিয়ে ও ধর্মীয় উৎসবের অবিচ্ছেদ্য অংশ, সেখানে এই আহ্বান বেশ অপ্রত্যাশিত।
রোববার মোদি বলেন, ‘এক বছরের জন্য, যেকোনো অনুষ্ঠানেই হোক, আমাদের স্বর্ণর গহনা কেনা উচিত নয়।’ জ্বালানি ব্যবহার কমানো ও অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধের আহ্বানের পাশাপাশি তিনি এই কথা বলেন। ভারত স্বর্ণ আমদানিতে প্রচুর অর্থ খরচ করে এবং অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকা উচিত বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও এর ফলে সৃষ্ট জ্বালানি সংকট ভারতের বাণিজ্য ঘাটতি বাড়াচ্ছে এবং রুপিকে দুর্বল করছে। তেলের পরেই ভারতের আমদানির সবচেয়ে বড় খাত হলো স্বর্ণ। বিশ্বে স্বর্ণর দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ ভারত।
মোদির এই আহ্বান ভারতীয়রা কতটুকু মানবেন তা এখনও অনিশ্চিত। স্বর্ণ দেশটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিটি দিকে মিশে আছে। অনেকে সঞ্চয় হিসেবে স্বর্ণ রাখেন। বিয়ে ও উৎসবে স্বর্ণ কেনাকে শুভ মনে করা হয়।
তবে মোদির মন্তব্যের প্রভাব সোমবার শেয়ারবাজারে তাৎক্ষণিকভাবে দেখা গেছে। ভারতের সবচেয়ে বড় জুয়েলারি কোম্পানি টাইটান কোং-এর শেয়ার মুম্বাইয়ে সাড়ে ছয় শতাংশ পর্যন্ত পড়ে যায়। সেনকো গোল্ড লিমিটেড ও কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া লিমিটেডের শেয়ার যথাক্রমে প্রায় ১১ ও সাড়ে নয় শতাংশ পর্যন্ত কমে যায়।
এদিকে প্রশাসনিক জটিলতার কারণে ভারতীয় ব্যাংকগুলো সম্প্রতি স্বর্ণ আমদানিতে সমস্যায় পড়ছিল। এই বাধা এপ্রিল মাসে ভারতের বাণিজ্য ভারসাম্যে কিছুটা সহায়তা করেছে বলে মনে করা হচ্ছে।