সংখ্যালঘু বা অন্য ধর্মের মানুষের ওপর নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী
সংখ্যালঘু বা অন্য ধর্মের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন সহ্য করা হবে না জানিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেবো।
সোমবার (১১ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ কথা বলেন।
ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে, এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলবেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ভারত তো বিশাল দেশ। ওনাদের আমি শ্রদ্ধা করি এজন্য যে ওনাদের দেশে গণতন্ত্রটাকে খুব লালন করে। এজন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরও বেশি শ্রদ্ধা করবো ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং ওনাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়।
তিনি বলেন, তবে আমি একটা কথা বলি, ভারতে কী ঘটছে এটা বড় নয়। ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের ওপরে, কোনো অন্য ধর্মাবলম্বীর ওপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সহ্য করবো না ইনশাআল্লাহ।
আপনারা কোনো পদক্ষেপ নেবেন কি না- এ বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, অবশ্যই আমরা চেষ্টা করবো। আমরা আমাদের সরকার প্রধান যিনি আছেন, উনি অবশ্যই চিন্তা করছেন। এ ব্যাপারে উনি অবশ্যই কথা বলবেন।