নির্বাচনি ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার: মন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে। বেসরকারি শিল্পখাতের পাশাপাশি সরকারি ক্ষেত্রেও নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত চাকরি মেলা-২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বেকারত্ব এখন একটি বড় অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। বিষয়টি ভয়াবহ রূপ ধারণ করেছে। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ধীরে ধীরে আগামী পাঁচ বছরের মধ্যে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে গরিব ও অসহায় মানুষকে কর্মসংস্থানের আওতায় আনা হচ্ছে।
ত্রাণমন্ত্রী বলেন, জনগণ যেহেতু বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেট অনুযায়ী আমরা কাজ করছি। আমরা চাই স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, তা বাস্তবে রূপ পাক।
এসময় তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ এ আন্দোলনের সঙ্গে জড়িত। সরকার এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখছে। চীন তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তার আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রী শিগগিরই চীন সফর করবেন। জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে বলে আমি আশাবাদী।