সেবার মান নিশ্চিত করতে অফিসে নয়, কর্মকর্তাদের মাঠে কাজ করার নির্দেশ রেল প্রতিমন্ত্রীর
রেলওয়েকে একটি জনপ্রিয় ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তাদের অফিসে বসে না থেকে সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, রেলের সীমাবদ্ধতা থাকলেও জনগণের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে সেবার মান নিশ্চিত করতে কোনো অবহেলা সহ্য করা হবে না।
শনিবার (৯ মে) সিলেটের বিভিন্ন রেলস্পট ও সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
রেলপথ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রেলকে আধুনিক ও জনপ্রিয় করার কাজ চলছে, তবে লোকোমোটিভ (ইঞ্জিন) ও কোচ সংকটের কারণে সেবায় কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। ইচ্ছে করলেই একদিনে সবকিছু সমাধান করা সম্ভব নয়। আমাদের যা আছে, তা দিয়ে পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করা হবে।
রেলের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পরিদর্শনের নির্দেশ মন্ত্রী বলেন, আমাদের ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন, তাদের বলেছি যে ঢাকা বা নির্দিষ্ট অফিসে বসে কাজ করা যাবে না। সবাইকে নিজ নিজ জোনে পরিদর্শনে যেতে হবে এবং সরাসরি সেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সীমাবদ্ধতার দোহাই দিয়ে বসে থাকলে চলবে না, বরং সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
রেলের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারি সম্পত্তি যারা দখল করে রেখেছে, তাদের দ্রুত উচ্ছেদ করার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। রেলের জমি উদ্ধারে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।