‘ওয়াকা ওয়াকা’র পর এবার ‘দাই দাই’: ২০২৬ বিশ্বকাপ মাতাবেন শাকিরা
বিশ্বকাপ ফুটবল আর শাকিরা যেন একে অপরের পরিপূরক। ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের জন্য নিজের অফিসিয়াল গান উন্মোচন করেছেন কলম্বিয়ান এই পপ তারকা।
৪৯ বছর বয়সী এই গায়িকা, যিনি ‘হোয়েনেভার হোয়েনেভার’ এবং ‘হিপস ডোন্ট লাই’-এর মতো কালজয়ী গানের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়, গত বৃহস্পতিবার তার নতুন গান ‘দাই দাই’-এর এক ঝলক (টিজার) প্রকাশ করেছেন। গানটি চলতি বছরের বিশ্বকাপের মূল সঙ্গীত (অ্যান্থেম) হিসেবে ব্যবহৃত হবে।
শাকিরা তার ইনস্টাগ্রামে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ধারণ করা এক মিনিটের একটি ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন। আগামী ১৪ মে গানটি পূর্ণাঙ্গভাবে মুক্তি পাবে।
এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ (দিস টাইম ফর আফ্রিকা) বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। এছাড়া ২০১৪ বিশ্বকাপ (ব্রাজিল)-এ তিনি গেয়েছিলেন দ্বিতীয় থিম সং ‘লা লা লা’। রিও দি জেনিরোর সমাপনী অনুষ্ঠানেও তিনি পারফর্ম করেন।
এর আগে ২০০৬ বিশ্বকাপ (জার্মানি)-এর সমাপনী অনুষ্ঠানে তিনি তার জনপ্রিয় গান ‘হিপস ডোন্ট লাই’ গেয়ে দর্শক মাতিয়েছিলেন।
ব্যক্তিগত জীবনে সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদ ঘটলেও ফুটবলের প্রতি শাকিরার টান কমেনি। তার দেশ কলম্বিয়া ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টে অংশ নিচ্ছে, যা আগামী ১১ জুন শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত।