দেশের শিক্ষার মান উন্নয়নে সবার আগে শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়ন জরুরি: শিক্ষামন্ত্রী

0

দেশের শিক্ষার মান উন্নয়নে সবার আগে শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়ন জরুরি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন ঘটাতে হবে। এ জন্য চীনের সঙ্গে যৌথ উদ্যোগে সাধারণ ও কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চাই, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সেতুবন্ধন আরও সুদৃঢ় হোক। সেই সেতুর অন্যতম প্রধান ভিত্তি হবে শিক্ষা।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকায় চীনা দূতাবাস এবং চায়না-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষাক্ষেত্রের উন্নয়ন অপরিহার্য। এর কোনো বিকল্প নেই। এ জন্য শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে। বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পর্যায়ক্রমে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে পাঠ্যক্রম, শিক্ষাক্রম ও শিক্ষা বর্ষপঞ্জিতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের দেশের নেতৃত্ব গ্রহণের উপযোগী করে গড়ে তুলতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.