জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সংসদ সদস্যরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে নির্বাচিত নারী সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যারা নির্বাচিত হয়েছেন, তাদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একইসাথে বেগম খালেদা জিয়ার মাজারেও শ্রদ্ধা জানানো হয়। সংরক্ষিত নারী আসনের এমপিরা যথাযথ দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।