ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে: বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে। এছাড়া বাংলাদেশ বিমানে নতুন করে ১৪টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে, বাংলাদেশ বিমানকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে তৈরি করা হচ্ছে এবং প্রতি বছর ৩ কোটি বিদেশি পর্যটক আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে জামালপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
বিমান প্রতিমন্ত্রী বলেন, এ বছর হজ যাত্রীদের বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে।
আগামীতে আরও কমানো হবে। সৌদিতে হাজিদের ইমিগ্রেশন ও ভিসা জটিলতা নিরসনে সৌদি সরকারের সঙ্গে কথা বলা হয়েছে, যাতে তারা কোনো রকম সমস্যায় না পড়ে।
এছাড়াও নতুন প্রজন্ম যাতে খেলাধুলার মাধ্যমে সুস্থ-সবলভাবে বেড়ে উঠতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত।