শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন এবং শ্রমিক মামলা নিষ্পত্তি করা দরকার: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং শ্রমিক মামলা নিষ্পত্তির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় মানসম্মত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়িত হয়নি এবং শ্রমিকদের বিপুল সংখ্যক মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, যা দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলাপচারিতায় বর্তমান সরকারের শুরুর কার্যক্রম ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের নেওয়া পদক্ষেপ এবং সাম্প্রতিক সময়ের বিভিন্ন সংকট মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত নেওয়াকে মানুষ ইতিবাচকভাবে দেখছে।

তিনি বলেন, জ্বালানি তেলের সংকট পরিস্থিতিতে বাজারে দীর্ঘলাইন না থাকা এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের অসময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের ক্ষতিপূরণের ঘোষণা সরকারের দক্ষতার পরিচায়ক। এসব পদক্ষেপ শুরুতে ভালো বার্তা দিলেও ভবিষ্যতে ধারাবাহিকতা রক্ষা করাই বড় চ্যালেঞ্জ।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে শ্রমিকদের অধিকার ও কল্যাণে রাজনৈতিক অঙ্গীকারের কথা উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা এবং বিদ্যুৎখাতের নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এসব বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নেবে এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় অগ্রাধিকার দেবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.